বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম চালু করলো ফেসবুক
ফেসবুক ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে এবং অনলাইনে প্রাপ্ত খবরের গুণগত মান উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে। ফেসবুক বিওওএম (বুম)-এর সাথে অংশীদার হয়ে কাজ করবে যা পয়েন্টার ইনস্টিটিউটের নিরপেক্ষ অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
রোববার থেকে বুম বাংলাদেশের ফেসবুক কমিউনিটিতে বিদ্যমান ছবি ও ভিডিও সহ ফেসবুক স্টোরিগুলোর যথার্থতা পর্যালোচনা করবে এবং একিউরেসি রেটিং প্রদান করবে। যখন থার্ড পার্টি ফ্যাক্ট-চেকাররা কোনো পোস্টকে অসত্য হিসেবে রেটিং দিবে তখন এটি নিউজ ফিডে কম বা একেবারে নিচের দিকে প্রদর্শিত হবে যা পোস্টটির ছড়িয়ে পড়া উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। ফেসবুক ভারত এবং মিয়ানমারের মতো অন্যান্য দেশেও বুমের সাথে কাজ করছে।
ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিউজ পার্টনারশিপ ডিরেক্টর অঞ্জলি কাপুর বলেন, “আমরা জানি যে ফেসবুক ব্যবহারকারীরা সঠিক তথ্যই পেতে চায়। সেজন্য আমরা বাংলাদেশে বুম-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম অব্যাহত রাখতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই ফ্যাক্ট চেকিং প্রোগ্রামের সাহায্যে আমরা আরও সচেতন জনগোষ্ঠী তৈরি করতে এবং স্থানীয়ভাবে এই প্রোগ্রামটি আরও সম্প্রসারণ করতে পারবো।